মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও এ প্রতিবেদকের হাতে এসেছে।
শুক্রবার রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের পর ভয়ে ওই শিশু ও তার মা কয়েকদিন ঘর থেকে বের হতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত শিশু জিসান ওই গ্রামের মৃত বাচ্চু হাওলাদারের ছেলে।
শিশুটির মা নাজমা বেগমের অভিযোগ, প্রায় দেড় বছর আগে তার স্বামী বাচ্চু হাওলাদার মারা যান। মৃত্যুর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর ছোট ভাই আবদুল হাইয়ের কাছে চার বিঘা জমি বন্ধক রাখার বিনিময়ে এক লাখ টাকা দেওয়া হয়েছিল। তবে ওই লেনদেনের কোনো লিখিত প্রমাণ ছিল না।
নাজমা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর তিনি কয়েকবার ওই লেনদেনের লিখিত কাগজ চান। এতে চুন্নু ও তার ভাই আবদুল হাই ক্ষিপ্ত ছিলেন বলে তার অভিযোগ। বৃষ্টির কারণে সড়ক কর্দমাক্ত থাকায় তাদের বাড়ির পাশ দিয়ে চলাচল করে নিজ বাড়িতে যাতায়াত করতেন তারা।
তার অভিযোগ, গত শুক্রবার চুন্নু ও তার ভাই তাকে এবং তার ছেলে জিসানকে ঘরে ডেকে নিয়ে মানিব্যাগ চুরির অপবাদ দেন। পরে বাঁশের লাঠি দিয়ে তাদের মারধর করা হয়। জমি বন্ধক রাখার টাকা দেওয়ার লিখিত প্রমাণ চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বলেন, “ওই ছেলে আমার আত্মীয়। সে চোর এবং জাতীয়ভাবে চোর হিসেবে তৈরি হচ্ছে।”
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনা সম্পর্কে আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472