ক্রীড়া ডেস্ক : শিরোপার লড়াইয়ে বাংলাদেশের সামনে এবার পরিচিত প্রতিপক্ষ। উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে আসা লাল-সবুজের দল কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের ট্রফির জন্য লড়বে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে পরাজিত করে শিরোপা মঞ্চ নিশ্চিত করে পাকিস্তান।
রাউন্ড রবিন পর্বে বাংলাদেশের একমাত্র পরাজয় এসেছিল পাকিস্তানের বিপক্ষেই। সেই ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ সেটে হেরেছিল বাংলাদেশ। ফলে বুধবারের ফাইনালটি হরসিত-সুজনদের জন্য শুধু শিরোপা জয়ের লড়াই নয়, আগের হারের জবাব দেওয়ারও সুযোগ।
চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান। ছয় দলের এই প্রতিযোগিতায় রাউন্ড রবিন ও নকআউট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত খেলা ছয়টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা।
অন্যদিকে, বাংলাদেশও দারুণ ধারাবাহিকতা দেখিয়ে ফাইনালে উঠেছে। উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পর সেমিফাইনালে আবারও উজবেকদের হারিয়ে শিরোপা লড়াইয়ে পৌঁছেছে তারা।
এখন অপেক্ষা ফাইনালের। যেখানে পাকিস্তানের বিপক্ষে জয়ের মাধ্যমে প্রথমবারের মতো কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472