ডেস্ক নিউজ : দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা জেলার চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাবিত সেতুর স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। আজ শনিবার (১১ জুলাই) তিনি সংশ্লিষ্ট এলাকার মাননীয় সংসদ সদস্যদের প্রস্তাবিত স্থানসমূহ পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সেতু সচিব ঝালকাঠি জেলার সুগন্ধা নদীর উপর প্রস্তাবিনলছিটি-ষাট পাকিয়া সেতু, পিরোজপুর জেলার সন্ধ্যা নদীর উপর ইন্দেরহাট-স্বরূপকাঠি নামক স্থানে প্রস্তাবিত নেছারাবাদ সেতু ও আমড়াঝুড়ি-আশোয়া সেতু, এবং খুলনা জেলার ভৈরব নদীর উপর জেলখানা ঘাট-সেনের বাজার সেতুর সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব এবং প্রকল্প মনিটরিং টিমের আহবায়ক জনাব আলতাফ হোসেন সেখ, তত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ তোফাজ্জল হোসেনসহ স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।
পরিদর্শন শেষে স্থানীয় অংশীজনদের উদ্দেশ্যে সেতু সচিব জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনার আলোকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও নিরবচ্ছিন্ন করতে এবং উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও উল্লেখ করেন যে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই সেতুগুলো নির্মিত হলে তা কেবল ইট-পাথরের কাঠামো হবে না, বরং এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির সোপান হিসেবে কাজ করবে। অত্যন্ত স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করে দ্রুততম সময়ে প্রকল্পগুলো বাস্তবে রূপ দিতে সেতু বিভাগ কাজ করছে বলেও তিনি জানান।
সেতু সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সেতুগুলো নির্মিত হলে তা জাতীয় অর্থনীতিতে ব্যাপক গতির সঞ্চার করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে।
এদিকে প্রস্তাবিত সেতুগুলোর স্থান পরিদর্শনে আসায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনগণ মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এই সেতুগুলো নির্মিত হলে উপকূলীয় অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। একই সাথে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472