নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মালতিনগর বকশিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শাহীনুর ইসলাম সজীব (৩৫) ও গাবতলী উপজেলার চাকলা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. খাইরুল ইসলাম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ২৮ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা (আনুমানিক ৭০০০ পিস) জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে শহরের ভাটকান্দি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আব্দুল মালেক মণ্ডলকে (৪৫) ২ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা (আনুমানিক ৭০০ পিস) এবং ৫৫০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার মালেক মণ্ডল ভাটকান্দি মধ্যপাড়া এলাকার মো. ছামছুল মণ্ডলের ছেলে। এ ছাড়া তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ২টি সিম ও নগদ ৩০ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া শহরের মালতিনগর বকশিবাজার এলাকায় জনৈক মো. শাহীনুর ইসলাম সজীবের মুদির দোকানে অবৈধ ও বেআইনিভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যাদি মজুত করে রেখেছেন। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের ভাটকান্দি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472