
ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। তবে দলকে জয় এনে দেওয়ার পর হাসপাতালে যেতে হয়েছিল মিরাজ।
শুক্রবার (১২ জুন) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ। টাইগার অধিনায়ককে নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১১ জুন) মাথায় আঘাত নিয়েই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ। সতর্কতার স্বার্থে ম্যাচ শেষ হওয়ার পরই হাসপাতালে পাঠানো হয় তাকে। দুইবার স্ক্যান করানো হলেও সেখানে খারাপ কিছু ধরা পড়েনি। ১২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরেছেন মিরাজ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, তারপর একটু বমি হয়। যেটা কিছুটা চিন্তার ছিল। এরপরও সে খেলা চালিয়ে যায়। খেলার পর দ্রুতই বিসিবির ডাক্তার, ফিজিওরা সিদ্ধান্ত নেন তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472