প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১১:০৮ পি.এম
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ
বিনোদন ডেস্ক : দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয় করেছেন সামানজার সাঈদ।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
এই জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার টিকিট পেলেন তিনি।
‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) পরিচালিত এবারের আসরে বিচারকদের চূড়ান্ত রায়ে সেরা সুন্দরীর মুকুট ওঠে সামানজার সাঈদের মাথায়।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর।
আয়োজকরা জানান, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বুদ্ধিমত্তা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার নিরিখেই সেরাদের নির্বাচন করা হয়েছে।
এবারের আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম।
দেশের প্রতিষ্ঠিত এই ব্যক্তিত্বদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়েই চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়।
মুকুট জয়ের পরপরই বিশ্বমঞ্চের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সামানজার সাঈদ।
আগামী কয়েক সপ্তাহ তিনি আন্তর্জাতিক উপস্থাপনা, ব্যক্তিত্বের বিকাশ এবং প্রতিযোগিতার মূল অংশ ‘বিউটি উইথ আ পারপাস’-এর আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন।
আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হতে যাচ্ছে ৭৫তম মিস ওয়ার্ল্ডের মূল আসর।
বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের হয়ে সেখানে লড়বেন সামানজার। বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472
Copyright © 2025 All rights reserved দেশ বার্তা