প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৮:১৭ পি.এম
লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী
ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের ম্যাচে হামজা চৌধুরী দেখেছেন লাল কার্ড। তাই পরবর্তী ম্যাচে বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।
ফ্রাটন পার্কে ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হামজা। ম্যাচের ৩৩ মিনিটে রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করার জন্য প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। এর ঠিক দশ মিনিট পর আবারও কাভুমার সঙ্গে একটি চ্যালেঞ্জে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।
প্রথম হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে তেমন বিতর্ক না থাকলেও দ্বিতীয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কাভুমা হামজার পায়ের ফাঁক দিয়ে বল বের করে সামনে এগিয়ে যান। এরপর হামজার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতা ফিরিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে ৮৯ মিনিটে এবু অ্যাডামসের গোলে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।
লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় পরের ম্যাচে খেলতে পারবেন না হামজা। ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান সেই খেলোয়াড়। শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের এই মিডফিল্ডার।
শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, রেফারি প্রথমে হামজাকে জানিয়েছিলেন যে তাকে মাঠ ছাড়তে হবে না। পরে সিদ্ধান্ত বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472
Copyright © 2025 All rights reserved দেশ বার্তা