ক্রীড়া ডেস্ক : টি–টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ এক ইনিংস খেলে নতুন ইতিহাস গড়েছেন রুয়ান্ডার ব্যাটার হামজা খান। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে তিনি ৬৫ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছে।
হামজার ইনিংসে ছিল ৯টি চার ও ১৫টি ছক্কা। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে রুয়ান্ডা দল ২ উইকেটে ২৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তার সঙ্গে দারুণ ব্যাটিং করেন দিদিয়ের এনডিকুবিমানা, যিনি ৬৯ রান করেন ৪৫ বলে। এছাড়া ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
জবাবে আইভরি কোস্টের ইনিংস থেমে যায় মাত্র ১৭ রানে। ১৫.২ ওভারে অলআউট হওয়া দলটির হয়ে সর্বোচ্চ ৫ রান আসে ওয়াটারা উসিফের ব্যাট থেকে। বাকিদের অধিকাংশই খুব অল্প রানেই ফিরে যান।
এই ইনিংসের মাধ্যমে হামজা খান পেছনে ফেলেছেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই-কে, যিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন। তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেন।
ছক্কার দিক থেকেও নজর কাড়েন হামজা—এক ইনিংসে ১৫ ছক্কা মেরে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার তালিকায়ও তিনি উঠে এসেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472