
ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকার নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। ওই সাক্ষাৎকারে তিনি গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের সময়কালকে ‘চরম অবমাননাকর’ হিসেবে অভিহিত করেছেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের চেষ্টার অভিযোগ এনেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন।
দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেন, অন্তর্বর্তী সরকার তাকে ‘প্রাসাদবন্দি’ করে রেখেছিল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা বিদেশ সফর সম্পর্কে তাকে কিছুই জানানো হতো না। তিনি অভিযোগ করেন, এক পর্যায়ে তাকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির পদে বসানোর চক্রান্ত করা হয়েছিল, যা অসাংবিধানিক। এই কঠিন সময়ে বিএনপি ও সশস্ত্র বাহিনী তার পাশে থেকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করেছে বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

