
আন্তর্জাতিক ডেস্ক :বিশ্ব এখন জ্বালানি নিরাপত্তার ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল। খবর আল-জাজিরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানির দাম বাড়তে থাকায় বিশ্বজুড়ে চাহিদার ওপর চাপ তৈরি হবে। একই সঙ্গে বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় যে পদক্ষেপ নিচ্ছে বা নিতে যাচ্ছে, তাতেও জ্বালানির ব্যবহার কমে আসতে পারে।
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাব তুলে ধরে ফাতিহ বিরোল বলেন, এখন পর্যন্ত প্রতিদিন প্রায় ১ কোটি ৩০ লাখ ব্যারেল তেলের সরবরাহ হারিয়েছে বিশ্ব। এই ঘাটতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানির এই ঘাটতি দীর্ঘায়িত হলে শুধু জ্বালানি খাত নয়, বিশ্ব অর্থনীতিতেও এর গভীর প্রভাব পড়বে। উৎপাদন খরচ বাড়বে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং অনেক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।

