সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৯২৮ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গের হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৯৪০ জন। এর মধ্যে নিশ্চিত হাম ৬৪ জনের। আর হামের উপসর্গ রয়েছে ৮৭৬ জনের শরীরে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হমে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। আর এ পর্যন্ত মোট ১৮ হাজার ২০৮ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।